বর্তমানে কোটা সংস্কার নিয়ে উত্তাল সারাদেশের ক্যাম্পাসগুলো। এর ধারাবাহিকতায় চলমান ইস্যুকে কেন্দ্র করে নীরব প্রতিবাদ অল স্টারস ড্যাফোডিলের নাট্যকর্মীদের।
কোটা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি বিতর্কিত বিষয়। মেধাবী শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার কারণে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে হতাশ। অন্যদিকে, অযোগ্য শিক্ষার্থীরা কোটার সুযোগে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিয়েটার ক্লাব অল স্টারস ড্যাফোডিল-এর অভিনেতা-অভিনেত্রীরা তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছেন। মেধাবী শিক্ষার্থীদের হতাশা, অযোগ্য শিক্ষার্থীদের অহংকার, এবং সমাজের বৈষম্য-সবকিছুই তারা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।
নাটকটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন অল স্টারস ড্যাফোডিলের সভাপতি মুহাম্মাদ মেহেরাফ হাসান। তার নাটকগুলো সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ‘মেধা কত করে কেজি?’ নাটকটিও তার ব্যতিক্রম নয়। এই নাটকে তিনি দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি তুলে ধরেছেন।
‘মেধা কত করে কেজি?’ নাটকটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। তারা বলছেন, নাটকটি তাদের মনে গেঁথে যাবে। এটি শুধু একটি বিনোদনমূলক নাটক নয় বরং গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
