আন্দোলনে শহীদদের স্মরণে সাউথইস্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির শহীদ চার শিক্ষার্থীরা হলেন, মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির, রবিউল ইসলাম লিমন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহীদ পরিবারের সদস্য ও শহীদদের সহপাঠীরা। 

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের জন্য শহিদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের আগে শহীদদের স্মরণে ইউনিভার্সিটিতে নামকরণকৃত চারটি হলের নাম ফলক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে চার শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক পরিবারের জন্য ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. আতাউর রহমান মিয়াজী। 

 

ইত্তেফাক/এআই