দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলে রাব্বী (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় পৌর এলাকার ঢাকা মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
নিহত ফজলে রাব্বী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মকলেসুর রহমানের ছেলে। আটক ট্রাক ড্রাইভার দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও সহযোগী আজিমুল সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ট্রাক ওভারটেক করার চেষ্টা করছিল ফজলে রাব্বী। ঢাকা মোড়ে গতিরোধের কাছে এসে মোটরসাইকেল পাথরে পিছলে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা রাব্বীর মাথার ওপর দিয়ে চলে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জমির ওপর ভেঙ্গে পড়ে আছে বিদ্যুতের খুঁটি
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় জাহিরুল অটো রাইস মিলের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ দেননি।
ইত্তেফাক/অনি
