বিএসএমএমইউ’র নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

শনিবার (৩০ নভেম্বর) বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা সাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০ আগস্ট থেকে কার্যকর হবে।

প্রক্টর নিয়োগ সংক্রান্ত নিয়োগপত্র শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, ডা. শেখ ফরহাদের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। 

তিনি ১৯৭২ সালে ৭ মে জন্ম গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ। তার একমাত্র মেয়ে মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত এবং তার সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ।

ইত্তেফাক/এমএএম