আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৭:০৮

শনিবার রাতে কোপা দেল রে-এর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দলকে জিতিয়ে উদযাপনের সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। সকালে হাজির হয়েছেন স্পেনের রাজধানী মাদ্রিদে জাতীয় আদালতে। কেননা ইতালিয়ান কোচের বিরুদ্ধে আছে ১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ। 

এর আগে ২০১৪ এবং ২০১৫ সালে ভিন্ন দুটি মামলায় ১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন কার্লো আনচেলত্তি। যার কারণে তার বিরুদ্ধে করা হয়েছে রাষ্ট্রপ্রতারণার মামলা। যদিও দীর্ঘদিন ধরে চলা এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। তবে তার বিরুদ্ধে তার আসল আয় লুকানোর জন্য শেল কোম্পানি ব্যবহার করার অভিযোগও রয়েছে। তিনি ভার্জিন দ্বীপপুঞ্জের একটি কোম্পানি ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে, যে কোম্পানি কোনো প্রকৃত ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। 

যদিও গেল বছর আদালতে আনচেলত্তি বলেছেন, 'আমি ইতিমধ্যে জরিমানা পরিশোধ করেছি, টাকা তাদের কাছে আছে এবং এখন আইনজীবীরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করার জন্য কথা বলছেন।' তবে গতকাল এই বিষয়ে কোনো কথা বলেননি এই রিয়াল মাদ্রিদ কোচ। আদালতে ৬৫ বছর বয়সী এই কোচের কর ফাঁকির দুটি অভিযোগে চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। 

যদিও ফুটবলার বা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কর ফাঁকি দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। এরপর আদালত তার সেই কারাদণ্ড স্থগিত করেছে। এমনকি স্পেনে থাকাকালীন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল এবং তারা দোষী সাব্যস্তও হয়েছিলেন।

ইত্তেফাক/জেডএইচ