কুলভূষণকে ভারতের হাতে তুলে দিতে বলা হয়নি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:৪৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদব যে ‘অপরাধী’, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায়ের পরেও সেই অবস্থান থেকে সরে আসেনি পাকিস্তান। বরং আন্তর্জাতিক আদালত কুলভূষণকে বেকসুর খালাস ঘোষণা করেনি বা ভারতের হাতে তুলে দিতে বলেনি বলে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটে ইমরান লিখেছেন, ‘আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস ঘোষণা করেনি, ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি কুলভূষণ যাদবকে। এই রায়ের প্রশংসা করছি।’

ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণকে ‘পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে কাজ করার জন্য অপরাধী’ বলে চিহ্নিত করেছেন ইমরান। এও বলেছেন, আইন মেনেই চলবে ইসলামাবাদ। খবর আনন্দবাজার পত্রিকার।

গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ২০১৬ সালে গ্রেফতার করে কুলভূষণকে। তারপর ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যদণ্ড দেয়।

বুধবার সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে নির্দেশ দেয় দ্য হেগের আন্তর্জাতিক আদালত। সেই রায় পুনর্বিবেচনার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। পাশাপাশি ভারতীয় কূটনীতিকদের যাদবের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে কুলভূষণকে মুক্তি দেওয়া বা তাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে ভারতের আর্জি মানতে রাজি হয়নি দ্য হেগের আদালত। রায়কে স্বাগত জানিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, তারা আইন মেনে চলবে।

ইত্তেফাক/এসআর