শিমুল ইউএসএ: প্রবাসী স্বপ্নে দিশা দেন যিনি

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:১৫

প্রবাস জীবন অনেকের কাছেই স্বপ্নের, কিন্তু বাস্তবে তা হয় সংগ্রামের আর ধৈর্যের এক কঠিন যাত্রা। এই পথচলায় বহু তরুণকে আলোর দিশা দেখাচ্ছেন শিমুল আহমেদ, যিনি সামাজিক মাধ্যমে পরিচিত ‘শিমুল ইউএসএ’ নামে।

১৯৬৮ সালের ১২ সেপ্টেম্বর ঢাকার তেজকুনি পাড়ায় জন্ম নেওয়া শিমুল বেড়ে উঠেছেন মধ্যবিত্ত জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে। পড়াশোনা করেন টঙ্গী পাইলট হাই স্কুল ও উত্তরা আনোয়ারা কলেজে। ঘুরেছেন দেশের প্রতিটি জেলা ছাড়াও মালয়েশিয়া, ফ্রান্স, ভারতসহ একাধিক দেশ। ২০১৪ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে—যেখান থেকে শুরু হয় তার নতুন পথচলা।

প্রবাসে এসে তিনি উপলব্ধি করেন, অনেকেই ভুল তথ্য ও দালাল চক্রের ফাঁদে পড়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তখন থেকেই শুরু করেন সচেতনতামূলক কনটেন্ট তৈরি। ২০১৭ সালে ফেসবুক ও টিকটকে নিয়মিতভাবে ইমিগ্রেশন, স্টুডেন্ট ভিসা (F1, F2), ট্যুরিস্ট ভিসা ইত্যাদি নিয়ে সহজ ভাষায় ভিডিও তৈরি করতে থাকেন।

বর্তমানে তার টিকটকে ১.২০ লাখ এবং ফেসবুকে ১.১৮ লাখের বেশি ফলোয়ার। প্রতিদিন অসংখ্য মানুষ তার ভিডিও দেখে অনুপ্রাণিত হন, বুঝতে পারেন বাস্তবতা ও সম্ভাবনার পথ।

শিমুল বলেন, আমি কোনো দালাল নই, কাউকে প্রলুব্ধ করি না। আমি শুধু সঠিক তথ্য দিয়ে বুঝিয়ে বলি—কীভাবে নিজে নিজেই প্রস্তুত হওয়া যায়।

এক সময় Runner Magazine-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন তার সবচেয়ে বড় পরিচয়—একজন তথ্যদাতা, পথপ্রদর্শক, অভিভাবকতুল্য মানুষ।

তরুণদের প্রতি তার বার্তা— স্বপ্ন দেখো, তবে চোখ খোলা রেখে। নিজের চেষ্টায় এগিয়ে যাও—তবেই সফলতা ধরা দেবে।

শিমুল ইউএসএ আজ শুধুই একজন কনটেন্ট ক্রিয়েটর নন, বরং হাজারো প্রবাসী স্বপ্নের দিশারী হয়ে উঠেছেন।

ইত্তেফাক/এএইচপি