সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় দুর্বৃত্তদের হাতে ধ্বংস হয়েছে দুটি পান-সুপারির বাগান। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কেটে ফেলেছে বাগান দুটির প্রায় দুই হাজার লতানো পানগাছ।
ক্ষতিগ্রস্ত বাগান দুটি খাসিয়া জনগোষ্ঠীর সদস্য ও হেডম্যান রিসন কংওয়াং এবং গস্মিন ডিখারের। মঙ্গলবার সকালে রিসন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছের ডাঁটা কেটে পান লতাগুলো নষ্ট করে দেয়। তিনি বলেন, ‘আমার আয়ের পথটাই কেটে দিয়েছে ওরা। সন্তানদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’
রিসনের দাবি, এই হামলায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘দুটি পানবাগানে গাছ কেটে ফেলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
