গত ১৫ জুলাই ফেনী জেলার ফুলগাজীর আমজাদ হাটে কবির আহমদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা হ্যান্ডকাফসহ পুলিশকে মারধর করে হাত থেকে পালিয়ে যান।। ঘটনার একমাস পার হলেও এখনো উদ্ধার হয়নি সেই হ্যান্ডকাফ। ধরাছোঁয়ার বাইরে পলাতক কবিরসহ তার সহযোগীরা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। গত ১৫ জুলাই রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে ফুলগাজীর আমজাদ হাটের উত্তর ধর্মপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় কবির হ্যান্ডকাপসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ অন্য স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রাফিদুল ইসলাম চৌধুরী, সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম ও কনস্টেবল সুমন সুশীল।
এই ঘটনার পরেরদিন ১৬ জুলাই ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রাফিদুল ইসলাম চৌধুরী ৯ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে ফুলগাজী থানায় একটি মামলা দায়েল করেন। সেদিন রাতে অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারী ৬ জন ও আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৫২), একই এলাকার আবুল কাশেমের স্ত্রী শাহিনা আক্তার (৫০), তার ছেলে মোবারক হোসেন (১৭), আবু তাহেরের স্ত্রী রহিমা আক্তার (৩৫), তার স্ত্রী জেসমিন (৪৩), ও রবিউল হকের স্ত্রী ফারহানা জাহান নোভা (২০)। বর্তমানে অনেক আসামি জামিনে রয়েছেন।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবীবুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, যেহেতু কবির পালিয়ে গেছে, তার নামে মামলা হয়েছে, আগেরও একটা ইস্যু আছে, আমরা তাকে খুঁজছি, পেলে আমরা তাকে গ্রেপ্তার করবো।
