ওজু করতে গিয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৮:৩০

‎নোয়াখালীতে ওজু করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে ৭টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। তারা কুয়েত প্রবাসী মো. বেলাল হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা অজু করতে ঘরের পাশের পুকুরে যায় দুই বোন। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন তাদের। পুকুরঘাটে তাদের জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।  

এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন। নিহত অহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ছহি ধর্মপুর দারুল কুরআন রহমানিয়া মাদরাসার নার্সারি শ্রেণিতে পড়তেন। চার বোনের মধ্যে তারা দুইজনই ছোট।

ঘটনার পর সেনবাগ থানার এসআই আবদুর রব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। 

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, 'পরিবারের পক্ষ থেকে শিশু দুইটির মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।' 

ইত্তেফাক/এএম/এনজি