সরাইলে তরী বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩

নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তরী বাংলাদেশ-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তরী বাংলাদেশ সরাইল শাখার আহবায়ক মো. মাহবুব খান বাবুল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. শাহগীর মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক শামীম আহমেদ। এছাড়া কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল, ও সোহেল রানা ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা, নাজমা বেগম, মো. আব্বাস উদ্দিন, মো. মোখলেছুর রহমান এবং মো. শাহীন শাহ।

বক্তারা সরাইল উপজেলার নদী-নদী, খাল-বিল, হাওড়-বাওড়, পুকুর-জলাশয় ও ফসলি জমি রক্ষার পাশাপাশি ইটভাটাসহ পরিবেশ বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় জনসচেতনতা কার্যক্রম পরিচালনা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, “তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। দেশের মানুষ সচেতন হলেই এ আন্দোলন সফল হবে। নদী রক্ষায় দায়িত্বরত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম দৃশ্যমান ও বেগবান হলে নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য আবার ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক ছত্রছায়ায় বহু নদী দখল হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নদী সুরক্ষায় স্পষ্ট অবস্থান নেওয়া। নির্বাচন কমিশনকেও নদী দখলদার ও ভূমিদস্যুদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মো. আলমাস মিয়া, শেখ মামুন, মো. নবী হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, ও সৈয়দ মোস্তফা নাদির হোসেন প্রমুখ।

সভা শেষে তরী বাংলাদেশের নেতৃবৃন্দ সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পরিবেশ সুরক্ষায় তাঁর ভূমিকার প্রশংসা ও বদলিজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইউএনও মোশাররফ হোসাইন সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি যেখানেই থাকি না কেন, তরী বাংলাদেশসহ সরাইলের মানুষের ভালোবাসা ও সহযোগিতা স্মরণে থাকবে, এবং ইনশাআল্লাহ যোগাযোগও বজায় থাকবে।”

ইত্তেফাক/এমএএম