শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের কিটস নেই

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:৫১

শরণখোলায় ডেঙ্গু আতংক দেখা দিয়েছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের কোন ব্যবস্থা না থাকায় মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলার একমাত্র এ হাসপাতালে টেকনিশিয়ানের অভাবে ৭/৮ বছর যাবৎ প্যাথলজি ল্যাব বন্ধ রয়েছে। সরবরাহ করা হয়নি ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় কিটস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারীভাবে ডেঙ্গু শনাক্তকরণের কোন কিটস এখনো সরবরাহ করা হয়নি। ৭/৮ বছর যাবৎ একজন টেকনিশিয়ানের অভাবে হাসপাতালের প্যাথলজি ল্যাব চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন: চৌহালীতে ১১ জন ডেঙ্গু রোগী

তিনি আরও বলেন, ‘জরুরি প্রয়োজন মেটানোর তাগিদে স্থানীয় বেসরকারী প্যাথলজি ল্যাবগুলোকে ডেঙ্গু পরীক্ষার কিটস এনে তাদের সংগ্রহে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আতংকের কিছু নেই। জ্বরে আক্রান্ত  ২/১ জন রোগীকে পরীক্ষা করে ডেঙ্গু পাওয়া যায়নি।’

ইত্তেফাক/নূহু