নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ, গ্রেফতার ১

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:৩৯

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পুটু মিয়া (৩৫) ও জামাল হোসেন (৩০) নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গুরুত্ব আহত আবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন চেচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে পিস্তলসহ  আব্দুস সালাম (২৮) নামের এক যুবককে  আটক করে এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় চেচুয়াপাড়া গ্রামের রাস্তায় অপরিচিত চার যুবক মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। এ সময় গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনকে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা এলোপাথারি ভাবে গুলি বর্ষন করে। এতে জামাল ও পুটু গুলিবিদ্ধ হন। 
এরপর ওই চার যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আব্দুস সালামকে মোটরসাইকেলসহ আটক করে। পরে উত্তেজিত জনতা সালামকে গণপিটুনি দিয়ে তার মোটরসাইকেলে আগুন দেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালামকে তাদের হেফাজতে নেয়। এরপর তার দেহ তল্লাশি করে পকেট থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। গ্রামবাসীকে, শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার আহ্বান ফখরুলের

উল্লেখ্য, ২০১২ সালের ১২ডিসেম্বর একই গ্রামের হায়দার হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন শাহীন। তিনি সম্প্রতি জামিনে মুক্তিপান। গত বুধবার গভীর রাতে নিহত হায়দারের স্বজনেরা শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙ্গে দেয়া হয়। ভোর রাতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনার পর থেকেই গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ইত্তেফাক/কেকে