নাটোরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পিপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী এবং একই সংগঠনের সহ-সভাপতি লিটনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আরব আলীসহ তার পরিবারের তিনজন এবং প্রতিপক্ষের লিটন ও রিপনসহ মোট ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। অন্যরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার বলেন, ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে পূর্বশত্রুতার জেরে ঘটেছে, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা সভাপতি এ এইচ এম তালুকদার ডালিমও বলেন, এটি রাজনৈতিক নয়; বরং পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ। তবে দলের নাম ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা করলে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, লিটন গ্রুপ আরব আলীর বাড়িতে গিয়ে হামলা চালায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমএএম