দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি ইউপি সদস্যের

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২১:৪০

দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহকে প্রাণনাশের হুমকি ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল এবং খানসামা থানা-য় জিডি করেন চেয়ারম্যান। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের স্বাক্ষরিত একটি চিঠিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদের মালিকানাধীন পুকুর ইজারা প্রদান কাজে বাধা সৃষ্টি এবং পাকেরহাট যাত্রী ছাউনি ও হাটের শেডে অর্থের বিনিময়ে একাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেছেন চেয়ারম্যান।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে গত ১৯ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ইউপি সদস্য দেশীয় অস্ত্র হাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ পেয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীর কক্ষে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত শাহাজাহান পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভুক্তভোগী চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী প্রায়ই আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে পাকেরহাট বাজারে অর্থের বিনিময়ে অবৈধ স্থাপনা বসানো হচ্ছে। বিষয়টি নিষেধ করলেও তিনি মানছেন না। বাধ্য হয়ে অভিযোগ করেছি।”

খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরকার বলেন, “ইউপি সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে চেয়ারম্যান একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “ঘটনাটি অপ্রত্যাশিত। গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

ইত্তেফাক/এএস/এএম