মাছ ধরার জালে উঠে এল ১২ ফুটের অজগর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উঠে আসে। পরে অজগরটি উদ্ধার করে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছেন বন বিভাগের কর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। 

এর আগে, এদিন সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে অজগরটি উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে বড় একটি সাপ উঠে আসে। পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, সাপটি অজগর বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান।

অজগরটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানান বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা। 

মুঠোফোনে নূরুল হুদা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনটিএম