কারাবন্দি হওয়ার প্রায় ১৬ মাস পর প্যারোলে মুক্তি পেয়ে সদ্যপ্রয়াত মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে এ জানাজা
অনুষ্ঠিত হয়। মায়ের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলে তিনি হাতকড়া পরে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন।
জানাজার আগে মাশরাফি হিরো বলেন, ‘আমি জানি না আমার মা কখন মারা গেছেন। আমি হয়তো তাকে দেখতে পারলাম, কিন্তু তিনি তো আমাকে দেখত পারলেন না। সন্তান মাকে না ভালোবাসলেও মা কিন্তু সন্তানকে ঠিকই ভালোবাসে।’
তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি। এজন্য আমি আমার মার কাছে ক্ষমাও চাইতে পারলাম না। আমার মা অনেক দিন আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ওষুধ আর হাসপাতাল করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে। খুব কষ্টের জীবন তিনি পার করেছেন।’
মায়ের আত্মার মাগফিরাত কামনা করে জানাজায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।
জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেয়া হয় বলে জানান বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান।
