পিরোজপুরের কাউখালীতে একটি বেপরোয়া কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুমিয়ান, কচুয়াকাঠী ও বলভদ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কুকুরটি পথচারী ও স্থানীয়দের ওপর এই আক্রমণ চালায়।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আটজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—কচুয়াকাঠী এলাকার আকাশ হালদার (১১), আব্দুল্লাহ (১৩), রাইসা (৭) ও মাহিরা (১২); কুমিয়ান গ্রামের সিরাজুল (৩); উত্তর বাজারের প্রদীপ (১২); বলভদ্রপুরের অপ্রনীল (৮) এবং একই গ্রামের হেমায়েত (৬২)। আহত ব্যক্তিরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে কচুয়াকাঠী এলাকায় একটি কালো রঙের কুকুরকে অস্বাভাবিকভাবে ছোটাছুটি করতে দেখা যায়। একপর্যায়ে কুকুরটি সামনে যাকে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে এটি কুমিয়ান ও বলভদ্রপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালায়। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত হেমায়েত বলেন, বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে হঠাৎ কুকুরটি এসে আমার পায়ে কামড়ে দেয়। পরে জানতে পারি, কুকুরটি এলাকার আরও অনেককে কামড়ে জখম করেছে।
দাশেরকাঠী গ্রামের বাসিন্দা মাহামুদুল হাসান জানান, প্রায় প্রতিদিনই এলাকায় শিশুসহ হাঁস-মুরগি ও গবাদিপশু আক্রান্ত হচ্ছে। বেওয়ারিশ ও হিংস্র কুকুরের উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দারা এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার জানান, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে আক্রমণকারী কুকুরটি দ্রুত শনাক্ত করে জলাতঙ্ক প্রতিরোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
