মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু আবিষ্কার আসিয়াছে, যাহারা মানুষের জীবনযাত্রার ধরনই পরিবর্তন করিয়া দিয়াছে। আগুনের ব্যবহার, চাকার আবিষ্কার, মুদ্রণযন্ত্র, বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ, টেলিফোন, কম্পিউটার ও ইন্টারনেট ইত্যাদির ধারাবাহিকতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী বাঁক। ভবিষ্যতের ইতিহাসবিদেরা হয়তো পৃথিবীর সময়কালকে দুই ভাগে বিভক্ত করিয়া দেখিবেন-কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বের পৃথিবী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরের পৃথিবী। এই কথাটি এখন অতিশয়োক্তি বলিয়া মনে হইতে পারে; কিন্তু সাম্প্রতিক কয়েক বৎসরে এআই যে গতিতে মানুষের জ্ঞানচর্চা, গবেষণা, চিকিৎসা, শিল্প, অর্থনীতি ও যোগাযোগের জগতে প্রবেশ করিয়াছে, তাহাতে এমন সম্ভাবনাকে উড়াইয়া দেওয়া যায় না। বিশেষত, মানুষের মেধার সহায়ক হিসাবে যাত্রা শুরু করিয়া এই প্রযুক্তি ক্রমশ এমন এক পর্যায়ে পৌছাইতেছে, যেইখানে মানুষের বহু জটিল বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদনের সক্ষমতা অর্জন করিতেছে।
সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই দাবি করিয়াছেন, আগামী এক দশকের মধ্যে ক্যানসার, আলঝেইমার্স, হৃদ্রোগসহ বহু দুরারোগ্য ব্যাধি ইতিহাসে পরিণত হইতে পারে। তাহার বক্তব্যের মূলে রহিয়াছে চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের সম্ভাব্য বিপ্লব। গুগলের এআই বিভাগের প্রধান দেমিস হাসাবিসও মনে করেন, ঔষধ আবিষ্কারের দীর্ঘ প্রক্রিয়াকে এআই কয়েক সপ্তাহে নামাইয়া আনিতে পারে। প্রোটিনের গঠন নির্ণয়ে আলফাফোল্ডের সাফল্য ইতিমধ্যেই গবেষণার জগতে নূতন সম্ভাবনা সৃষ্টি করিয়াছে। ২০ কোটিরও অধিক প্রোটিন কাঠামোর পূর্বাভাস তৈরির এই সাফল্য জীববিজ্ঞানের গবেষণায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অ্যানথ্রোপিক ইতিমধ্যে কয়েকটি ঔষধ ও বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের সহিত যৌথভাবে কাজ শুরু করিয়াছে। ক্যানসার কোষ শনাক্তকরণ, অ্যান্টিবডির নকশা তৈরি এবং নূতন ঔষধের সম্ভাব্য কার্যকারিতা বিশ্লেষণে এআই ব্যবহারের উদ্যোগ চলিতেছে। যদিও বিজ্ঞানীদের একাংশ বলিয়াছেন, কম্পিউটারে একটি সম্ভাব্য ঔষধের নকশা তৈরি করা এবং মানবদেহে তাহার নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
মত-দ্বিমত থাকিবেই। ১০ বৎসরে পৃথিবী ক্যানসারমুক্ত হইবে-এমন নিশ্চয়তা দেওয়ার সময় এখনো হয়তো আসে নাই; কিন্তু এই ভবিষ্যদ্বাণী চিকিৎসাবিজ্ঞানের সামনে যে নূতন সম্ভাবনার দুয়ার খুলিয়া দিয়াছে, তাহা অস্বীকারের উপায় নাই। রাইট ভ্রাতৃদ্বয় ১৯০৩ সালে প্রথম যখন সফল মোটরচালিত বিমান উড্ডয়ন ঘটাইয়াছিলেন, সেই উড়োজাহাজের উড্ডয়নকাল ছিল মাত্র ১২ সেকেন্ড। আজিকার আধুনিক বিমান চলাচলের সহিত সেই যন্ত্রের তুলনা চলে না। অথচ সেই ক্ষুদ্র উড্ডয়নই আকাশপথে মানুষের অসীম সম্ভাবনার দরজা খুলিয়া দিয়াছিল। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও হয়তো আমরা তেমনই একটি প্রাথমিক যুগের মধ্য দিয়া অগ্রসর হইতেছি। অবশ্য এআই এখন আর পরীক্ষাগারের কোনো প্রাথমিক প্রোটোটাইপ মাত্র নহে। ইহা ইতিমধ্যেই বাস্তব জীবনে ব্যবহৃত একটি শক্তিশালী প্রযুক্তি; কিন্তু আগামী দিনের সক্ষমতার তুলনায় বর্তমান অবস্থাকে প্রাথমিক অধ্যায় বলিলে অত্যুক্তি হইবে না। এআইয়ের বর্তমান বিকাশের অন্যতম ভিত্তি বৃহৎ ভাষা মডেল বা এলএলএম। বিপুল তথ্যের মধ্যকার সম্পর্ক, ভাষার কাঠামো ও বিভিন্ন ধারণার পারস্পরিক যোগসূত্র বিশ্লেষণ করিয়া এই মডেলগুলি উত্তর প্রদান, যুক্তি নির্মাণ এবং জটিল সমস্যা সমাধানের চেষ্টা করে। গবেষণা, প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি ও উন্নত গণনাক্ষমতার সমন্বয়ে ইহার সক্ষমতা আরো বাড়িতেছে।
একটি বিষয় ক্রমশ স্পষ্ট হইতেছে। মানুষ হয়তো এমন এক প্রযুক্তির দ্বারপ্রান্তে দাঁড়াইয়া আছে, যাহার পূর্ণ সম্ভাবনা সে নিজেও কল্পনা করিতে পারে নাই। রাইট ভ্রাতৃদ্বয়ের সেই ১২ সেকেন্ডের উড্ডয়ন একদিন মহাদেশের দূরত্বকে কয়েক ঘণ্টায় নামাইয়া আনিয়াছে। আজকের এআইও হয়তো আগামী দিনে জ্ঞানের এমন সকল আকাশ উন্মুক্ত করিবে, যাহার সীমানা বর্তমানের মানুষের কল্পনার অতীত। প্রশ্ন হইল, মানুষ সেই অসীম ক্ষমতার অধিকারী হইবার পাশাপাশি তাহার দায়িত্ব পালনের প্রজ্ঞাও অর্জন করিতে পারিবে তো?
