নারী বদলাইতেছে, সমাজ কি বদলাইবে?

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০

বিবাহের পর চাকুরি ছাড়িতে হইবে কি না, নিজের উপার্জনের উপর নিজের অধিকার থাকিবে কি না, সন্তান জন্মদানের পর পেশাগত জীবনে ফিরিতে পারিবেন কি না-এখন বিবাহের সিদ্ধান্ত লইবার আগে অনেক নারী এই প্রশ্নগুলির উত্তর খুঁজিতেছেন। একসময় যে বিষয়গুলি পারিবারিক জীবনের স্বাভাবিক নিয়ম বলিয়া মানিয়া লওয়া হইত, শিক্ষিত ও কর্মজীবী নারীর একটি অংশ এখন সেই নিয়মগুলিকেই প্রশ্ন করিতেছেন।

গতকাল ইত্তেফাকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে কয়েক জন তরুণীর বক্তব্যে দেখা যায়, তাহাদের অনেকে আগে নিজের পায়ে দাঁড়াইতে চাহেন। কেহ বিবাহে অনাগ্রহী, কেহ বিবাহের আগে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করিতে চাহেন। আবার কেহ মনে করেন, বিবাহের পর নিজের পেশা ও পরিচয় বিসর্জন দিতে হইলে সেই সম্পর্কে জড়াইবার প্রয়োজন কী? বলিবার অপেক্ষা রাখে না, এই প্রশ্নের মধ্যে ব্যক্তিস্বাধীনতার আকাঙ্ক্ষা যেমন রহিয়াছে, তেমনি রহিয়াছে আমাদের পারিবারিক ব্যবস্থার প্রতি একধরনের অনাস্থা। কেন একজন শিক্ষিত নারীকে এখনো ভাবিতে হয় যে, বিবাহ তাহার এত দিনের অর্জন ও স্বপ্নের পথে বাধা হইয়া দাঁড়াইতে পারে?

আমাদের সমাজে মেয়েদের উচ্চশিক্ষিত করিবার আগ্রহ বাড়িয়াছে। পরিবারগুলি তাহাদের ভালো ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভালো চাকুরি পাওয়ার জন্য উৎসাহিত করে। কিন্তু সেই মেয়েটি যখন নিজের উপার্জন, পেশাগত পরিচয় ও জীবন যাপনের সিদ্ধান্তে স্বাধীনতা চাহেন, তখন অনেক পরিবারই অস্বস্তি বোধ করে। বিবাহের পর চাকুরি করিবার অনুমতি দেওয়া হইলেও সংসারের অধিকাংশ দায়িত্ব তাহার উপরই থাকিয়া যায়। শ্বশুরবাড়ির প্রত্যাশা, সন্তান প্রতিপালন, গৃহস্থালির কাজ এবং কর্মক্ষেত্রের চাপ মিলিয়া তাহার জীবনে দ্বিগুণ বোঝা তৈরি হয়। পুরুষের কর্মজীবনকে যেইখানে পরিবারের উন্নতির অংশ হিসাবে দেখা হয়, সেইখানে নারীর কর্মজীবনকে অনেক সময় সংসারের সঙ্গে সামঞ্জস্য রাখিয়া চলিবার শর্তে গ্রহণ করা হয়।

এইখানে অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। একজন নারী উপার্জন করিলেই যে তিনি স্বাধীন, তাহা নহে। নিজের অর্থ কীভাবে ব্যয় করিবেন, কতখানি সঞ্চয় করিবেন, নিজের ভবিষ্যতের জন্য কী রাখিবেন, সেই সিদ্ধান্ত লইবার অধিকারও তাহার থাকা প্রয়োজন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিসংখ্যান এই আলোচনাকে আরো তাৎপর্যপূর্ণ করিয়া তুলিয়াছে। ২০২৩ সালে স্ত্রীদের পক্ষ হইতে তালাকের ঘটনা ঘটিয়াছে ৫ হাজার ২৯৮টি, স্বামীদের পক্ষ হইতে ২ হাজার ২৩২টি। ২০২৪ সালে স্ত্রীদের পক্ষ হইতে তালাকের সংখ্যা স্বামীদের তুলনায় ১৮৬ শতাংশ অধিক ছিল। ২০২৫ সালেও এই ব্যবধান ছিল ১৫৭ শতাংশ। দেখা যাইতেছে, অর্থনৈতিক নির্ভরশীলতা কমিলে একজন নারীর পক্ষে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করাও সহজ হয়।

সন্তান গ্রহণের প্রশ্নে পরিবর্তনটি আরো গভীর। মাতৃত্বের আনন্দের কথা আমরা বলি, কিন্তু মাতৃত্বের সঙ্গে যে দীর্ঘদিনের শারীরিক, মানসিক ও আর্থিক শ্রম জড়িত, তাহার যথাযথ স্বীকৃতি কতটুকু দিই? সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের পেশাগত অগ্রগতি ব্যাহত হইলে সেই ক্ষতির দায় কে বহন করে? শিশুর পরিচর্যার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকিলে চাকুরিজীবী দম্পতি কীভাবে দায়িত্ব সামলাইবেন? আমাদের দেশে শিশুযত্নকেন্দ্রের স্বল্পতা, কর্মক্ষেত্রে নমনীয়তার অভাব এবং পিতৃত্বকালীন ছুটির সীমিত সুযোগ এই সমস্যাকে আরো জটিল করিয়াছে। আধুনিক বিশ্বের দিকে তাকাইলে দেখা যায়, কর্মজীবী নারী ও পারিবারিক জীবনের মধ্যে সমন্বয় ঘটাইতে বিভিন্ন দেশে নীতিগত পরিবর্তন আনা হইতেছে। আমাদেরও কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধা, মানসম্মত শিশুযত্নকেন্দ্র এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করিতে হইবে উন্নত সকল রাষ্ট্রের মতো নচেৎ আমরা উন্নত রাষ্ট্র হইব কী করিয়া? বস্তুত, নারীর শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করিয়া তাহাকে কর্মক্ষেত্রে অংশগ্রহণের উপযুক্ত পরিবেশ দিতে না পারিলে জাতীয় সম্পদের অপচয় ঘটিবে। মনে রাখিতে হইবে, নারীর চিন্তাকে প্রাধান্য না দিয়া কোনো সমাজ কখনো অগ্রগামী হইতে পারে না। সুতরাং সমাজকেই বরং পরিবর্তিত প্রেক্ষাপটে নূতন করিয়া ভাবিতে হইবে।

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন