শিরোপা বার্সারই প্রাপ্য : রাকিটিচ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৫:২২

চলতি ২০১৯-২০ মৌসুমে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে লা লিগা। করোনা ভাইরাসের কারণে লিগ স্থগিত হওয়ার ঠিক আগেই তালিকার চূড়ায় উঠে আসে শিরোপাধারী বার্সেলোনা। মৌসুমে আর যদি মাঠে গড়ানোর সুযোগই না মেলে লা লিগার, তাহলে শিরোপা বার্সাকেই দিয়ে দেওয়া উচিত; অভিমত বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচের।

তবে সে পরিস্থিতির মুখোমুখি না হওয়ার জোর প্রার্থনাই করছেন রাকিটিচ। মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্রোয়াট এই মিডফিল্ডার বলেন, ‘আমরা সবাই আবারও মাঠে নামতে চাই, খেলতে চাই। মাঠ থেকেই লা লিগা জিততে চাই।’ তবে সে সুযোগ যদি অগত্যা নাই আসে তাহলে রাকিটিচের মতে, শিরোপা বার্সারই প্রাপ্য। 

তিনি বলেন, ‘কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, ফিরতে না পারলে মৌসুমটাকে শেষ করতেই হবে। যেহেতু আমরা তালিকার শীর্ষে আছি, সেহেতু তখন আমাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।’ কোয়ারেন্টাইন সময়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন নিজবাড়িতে থেকেই। দৈনন্দিন এই সূচির মাঝেও পুরনো অভ্যাসের শূন্যতা রাকিটিচকে ভোগাচ্ছে ভালোভাবেই। 

আরো পড়ুন : করোনার সঙ্গী বৈরী আবহাওয়া বোরো ধান কাটা নিয়ে শঙ্কা

তিনি বলেন, ‘এটা ইতিমধ্যেই আমাকে ভোগাতে শুরু করেছে। আমি আবারও বল ছুঁতে চাই, সম্মিলিত অনুশীলন করতে চাই, মাঠের ঘাসকে অনুভব করতে চাই। নতুন কোচিং স্টাফ আর সতীর্থদের সঙ্গে মিলে কাজ করতে চাই।’

ইত্তেফাক/ইউবি