গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিক ও আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে অপরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঐ সাংবাদিক গোপালগঞ্জ সদর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অপহরণ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
ভুক্তভোগী ফাতেমা-তুজ-জিনিয়া বলেন, গত ২৪ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮টার পরে গোপালগঞ্জ সদরের ডিসি অফিস এবং পৌরসভার মাঝের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। রিকশায় করে বাসায় ফেরার সময়ে দু'জন ব্যক্তি বাইক নিয়ে জোরপূর্বক পথরোধ করে। এসময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে বাইকে উঠানোর চেষ্টা করে। তারা সিভিল পোশাকে থাকায় আমি তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে আমাকে হুমকি প্রদান করে। এসময় আমি আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কাশফুল রেস্টুরেন্টে আশ্রয় নেই৷ এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, অপহরণ চেষ্টার ঘটনাটি আমরা জেনেছি। ঐ শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
