সড়কে প্রাণ গেল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ (২২) বাস চাপায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম শুভ বগুড়া জেলার কাহালু উপজেলার শামসুল ইসলামের ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থী শুভ তার দুই বন্ধুকে নিয়ে একটি ভ্যানে করে খাবার খেতে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের ভ্যানের চাকা নষ্ট হয়ে গেলে ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। 

এ ঘটনায় ভ্যান চালকসহ তিন বন্ধু আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মারাত্মক আহত ভ্যান চালক লিকু শেখ (৫৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আহত বাকি দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এআই