বশেমুরবিপ্রবিতে হল খোলা রেখে ক্লাস চলবে অনলাইনে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০০:৫৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) হল খোলা রেখে অনলাইনে ক্লাস পরিচালনা করা হবে।

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি সহ আট দফা সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রজ্ঞাপন ও পঞ্চম জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। সকল বর্ষের শিক্ষার্থীদের ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। তবে স্নাতক শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা সশরীরে নেওয়া হবে, তবে কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অন্যান্য বর্ষের চলমান পরীক্ষা বাকি থাকলে সেসকল পরীক্ষাও সশরীরে নেওয়া হবে। 

চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের জনসমাবেশ হতে পারবে না। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কাজ ছাড়া কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসকল নিয়ম-নীতি মেনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। এছাড়া পরিবহন, স্বাস্থ্যসেবাসহ জরুরি পরিসেবাগুলো চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

ইত্তেফাক/এসটিএম