শাবির আন্দোলনে সংহতি জানিয়ে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতীকি অনশন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২১:০৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের দ্রুত পদত্যাগ দাবি করেন।

অনশনে শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপরে যে ন্যক্কারজনক পুলিশি হামলা হয়েছে তা সারা বিশ্ব দেখেছে। শিক্ষার্থীদের অনশনের ১২০ ঘণ্টা হলেও নির্লজ্জ ভিসি গদিতে বসে আছে। যে স্বৈরাচারী ভিসির কারণে এই হামলা হয়েছে তার দ্রুত অপসারণই চলমান  সংকটের একমাত্র সমাধান। অন্যথায় বাংলাদেশের শিক্ষার্থীরা কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে শাবিপ্রবির শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেন। এপর্যন্ত ১৯ জন শিক্ষার্থী অসুস্থ হলেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজার বিভিন্ন অনিয়ম নিয়ে প্রতিবাদের মাধ্যমে শুরু হয়। পরে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপরে পুলিশ হামলা করলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি ওঠে।

ইত্তেফাক/এসটিএম