মিডিয়া, সাইবার অপরাধ ও আইন সংক্রান্ত বিষয়ে 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল' বই প্রকাশ পেয়েছে। বইটি লিখেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান। বীকন পাবলিকেশন্স প্রকাশিত এ বইটি এবছর বইমেলায় পাওয়া যাবে।
প্রযুক্তির ছোঁয়ায় আজ বিশ্ব যেমন এসেছে আমাদের হাতের মুঠোয় ঠিক তেমনি করেই সাইবার স্পেসে কেউ আবার শিকার হচ্ছেন সাইবার অপরাধের। অপরাধের এই নতুন মাত্রায় নেটিজেনরা অত্যন্ত শঙ্কিত। বর্তমান বিশ্বে সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, প্রকৃতি ও ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করেছে।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে এধরনের অপরাধ। আর এ অপরাধের শিকার হচ্ছেন অগণিত মানুষ। প্রতিনিয়ত মানুষের সংস্কৃতি, জীবন-যাপনের ধরণ, মূল্যবোধ ও অপরাধ প্রবণতা ইত্যাদি পরিবর্তিত হচ্ছে। আর এসব পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিকে আশ্রয় করে সাইবার অপরাধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এসব বিষয় নিয়েই লেখা হয়েছে 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল'।
লেখক রাজিউর রহমান বলেন, সাইবার ক্রাইম প্রতিরোধে বইটি নেটিজেন ও পাঠকদের সহায়ক হবে। বর্তমানে সাইবার ভিকটিমের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে তাই এ বিষয়ে আমাদের বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন। এই বইটিতে সাইবার ও মিডিয়া সংক্রান্ত প্রচলিত প্রয়োজনীয় আইন, যাপিত জীবনের এ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়াবলী অত্যন্ত সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে। আশা করি বইটি পাঠ করে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, আইটি প্রফেশনালসহ সকলেই সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।
প্রসঙ্গত, 'টেক্সটবুক অন মিডিয়া অ্যান্ড সাইবার ল' ড. মো. রাজিউর রহমানের দ্বিতীয় বই। এর আগে ২০১৫ সালে লেখকের প্রথম বই 'প্রিন্সিপালস অব ইন্টারন্যাশনাল ট্রেড ল' প্রকাশিত হয়েছিল।
