বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকদের আটক করে নাম-পরিচয় প্রকাশের দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ছয়টায় একযোগে মশাল মিছিলের উদাত্ত আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের আটক ও নাম-পরিচয় প্রকাশের জন্য আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সে হিসেবে আজ বিকাল চারটায় সময় শেষ হচ্ছে। এর মধ্যে ধর্ষকদের আটক ও নাম-পরিচয় প্রকাশ না করা হলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে সন্ধ্যা ছয়টায় মশাল মিছিলের আহ্বান জানাচ্ছি। আজ আমাদের ছাত্রী এবং বোনের সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচারের দাবিতে শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের এমন দুর্দিনে আমরা দেশের সকল শিক্ষার্থীদের পাশে চাই।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল-রাজু বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধর্ষণের বিচার চাওয়াতে গতকাল (বৃহস্পতিবার) আমাদের উপরে যে নৃশংস হামলা হয়েছে তার যথাযথ বিচার করতে হবে। এর আগে আমরা আন্দোলন বন্ধ করবো না।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের সাথে জড়িতদের আটকের দাবিতে শিক্ষার্থীরা রাতে গোপালগঞ্জ সদর থানা ঘেরাও করেন এবং দিনভর ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় একটি মহল প্রতিবাদরত শিক্ষক-শিক্ষার্থীর উপরে হামলা চালিয়ে উপাচার্য, প্রক্টরসহ কমপক্ষে ২০ জনকে আহত করেন।
