শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের নিয়োগে সম্মিলিত ডিগ্রি অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:৪৩

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগ বিজ্ঞপ্তিতে 'বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি' অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ এপ্রিল) শেকৃবির শেখ কামাল অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট'স ফেডারেশন (বিভিএসএফ) এর সাধারণ সম্পাদক ডা. রতন রহমান বলেন, 'বিএলআরআই আমাদের সাথে প্রহসন শুরু করেছে৷ বিভিন্ন সময়ে আমরা বিএলআরআইয়ে আমাদের ডিগ্রি যুক্ত করার দাবি জানিয়ে আসলেও তারা মৌখিক আশ্বাস ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেয় নি। আমরা অতিদ্রুত নিয়োগ বিজ্ঞাপ্তি বাতিল করে বিএসসি ভেট. সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি যুক্ত করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাচ্ছি।'

আগামী সপ্তাহের মধ্যে  ডিগ্রি অন্তর্ভুক্ত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে বিএলআরআই ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

ডিগ্রি অন্তর্ভুক্ত করার দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ এবং গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৮ মার্চ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৮ জন বৈজ্ঞানিক কর্মকর্তা সহ মোট ২৯টি পদে লোকবল নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগ্যতার জন্য পশুপালন, পশুচিকিৎসা, কৃষি, কৃষি অর্থনীতি বিষয়ের ডিগ্রির নাম উল্লেখ থাকলেও পশুপালন ও পশুচিকিৎসা বিষয়ে বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রির কোনো উল্লেখ নেই৷

প্রসঙ্গত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ও পশুচিকিৎসা দুটি বিষয়কে একীভূত করে ২০১২ সালে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রির শিক্ষা কার্যক্রম শুরু হয়। দেশের আরও ৫টি পাবলিক ও ১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি চালু রয়েছে। কিন্তু বিএলআরআই গত ১০ বছরেও এই ডিগ্রিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যুক্ত করেনি৷

ইত্তেফাক/এসটিএম