বঙ্গবন্ধু আমাদেরকে অধিকার আদায়ের পথ দেখিয়েছেন: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০০:৩৭

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে অধিকার আদায়ের জন্য পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন এবং তিনি যে স্বপ্ন দেখিয়েছেন তা সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু আমাদের জন্য জাতি ও দেশ সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধুর মতোই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করা বাঞ্ছনীয়। তার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের ঝগড়া-বিবাদ-কাইজ্জা পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগস্ট মাস শোকের মাস, এ মাস লজ্জাকরও বটে।’

গতকাল সোমবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর কলারণ দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ভোট হচ্ছে আমাদের পবিত্র আমানত। ভোটের সদ্ব্যবহার ও তা সঠিকভাবে কার্যকর করতে হবে। দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা তথা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আইনের প্রয়োজনে, ন্যায়বিচারের ক্ষেত্রে আপস করা হবে না। আপনারা আমাদের ঐক্যবদ্ধ সমাজ গঠনে সমর্থন দিলে আপনাদের শান্তি দেব, প্রয়োজনীয় কাজ করা হবে। আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন পার্থিব কাজের পাশাপাশি পরবর্তী জীবনে বেহেশতের সুখশান্তি অর্জনের জন্য কাজ করে যেতে হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেক নেতা রয়েছেন, যারা দেশ ও সমাজকে বিভক্ত করে টুকরো টুকরো করে মানুষের স্বার্থকে ব্যাহত করেন। যাতে উন্নয়ন বিঘ্নিত হয় তার জন্য নানা অপপ্রয়াস চালান। পাশাপাশি উন্নয়নকাজে অপচয়, আত্মসাৎ, দুর্নীতি করেন। কাঙ্ক্ষিত উন্নয়নে এ কারণে সফলতা পাওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে এই প্রবণতা দূর করতে হবে। আমরা সবাই একযোগে কাজ করব ঠিকই কিন্তু এর জন্য সবাইকে একসঙ্গে একদল করতে হবে, এটা ঠিক নয়। যে যার রাজনৈতিক মতাদর্শে সক্রিয় থাকলেও কাজের ক্ষেত্রে সমস্যা হবে না। এই হচ্ছে শিক্ষিত সমাজের বৈশিষ্ট্য। সমস্যা থাকবে, সমস্যা সমাধানের জন্য ধৈর্য ও একতার কোনো বিকল্প নেই।

চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি এম মতিউর রহমান অ্যাডভোকেট, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ লুত্ফুন্নেছা খানম, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ইন্দুরকানী উপজেলা জেপির আহ্বায়ক ও পর্ত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জসিম মীর, স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব ও সদর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ করিম তালুকদার ইমন, আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাঘা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, যুগ্ম-আহ্বায়ক মো. শহীদুল আলম দোদুল, যুগ্ম-আহ্বায়ক মো. কাওসার আহমেদ দুলাল প্রমুখ। শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।

এর আগে আনোয়ার হোসেন মঞ্জু তার ব্যক্তিগত তহবিল থেকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইন্দুরকানীর ৩০ জন আসহায় নারী-পুরুষকে নগদ অর্থ প্রদান করেন।

আলোচনা সভার আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি উত্তর কলারণ দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একাডেমি ভবনের একতলা ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।

ভাণ্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জীৎ সমাদ্দার জানান, গতকাল রবিবার দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া পৌর এলাকার রাস্তাসহ বিভিন্ন উন্নয়নপ্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাকে কাজের অগ্রগতি সম্পর্কে অবগতি করা হয়। এই পরিদর্শন কালে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা ইউসুফ আলী আকন, আনোয়ার হোসেন মঞ্জুর নাতি রাইয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইআ