আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। কিছুটা চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ।
ইঞ্জুরি কাটিয়ে বিশ্বকাপ দিয়ে দলে ফিরছেন অধিনায়ক টেম্বা বাভুমা। আর ইঞ্জুরির কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ভ্যান ডার ডুসেনের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে পাওয়া আঙুলের চোটের কারণেই বিশকাপে খেলতে পারবেন না ডুসেন।
দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির সমন্বয়ক ভিক্টর এমপিটস্যাং জানান, ‘টেম্বা ভালোভাবে সেরে উঠেছে। সে নামিবিয়াতে লায়ন্সের হয়ে খেলছে। রেসি—আমরা সবাই জানি, এক সপ্তাহ আগে তার আঙুল ভেঙেছে। অস্ত্রোপচার করিয়েছে সে। দুর্ভাগ্যবশত চোটটা ভালো সময়ে আসেনি।’
ডুসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রাইলি রুশো। কলপ্যাক চুক্তি শেষে দীর্ঘ ছয় বছর পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রুশো। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন দুইজন পেস বোলিং অলরাউন্ডার। ডোয়াইন প্রিটোরিয়াস ও ওয়েইন পারনেলকে দলে নেওয়ার ব্যাপারে এমপিটস্যাং বলেন, ‘ওয়েইন বোলিংয়ের শুরুর দিকে আমাদের ভালো বৈচিত্র্য এনে দেবে। নতুন বল আর ডেথ ওভারে তার পারফরম্যান্স দুর্দান্ত। আর প্রিটোরিয়াস ইনিংসের মধ্যে আর শেষে ভালো করছে।’
এদিকে দক্ষিণ আফ্রিকা দলে চমক হিসেবে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস। অবশ্য দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি খেলা স্টাবসে পারফরম্যান্স দুর্দান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস। এমন পারফরম্যান্সই বিশ্বকাপের পথ খুলে দিয়েছে তরুণ স্টাবসের জন্য।
স্কোয়াডে তিনজনের রিজার্ভ তালিকায় রয়েছেন মার্কো ইয়ানসেন, আন্দিলে ফিকোয়াও ও বিওর্ন ফোরটুইন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।
