নারীদের যত অর্জন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:২০

বছর জুড়ে নারীর প্রতি সহিংসতা ছিল আলোচনায়। ধর্ষণ, সহিংসতা, পারিবারিক নির্যাতন, হত্যার মতো ঘটনা ছিল ক্রমবর্ধমান। এরই মধ্যে আন্তর্জাতিক মণ্ডলে নানা পুরস্কার, সম্মাননা অর্জন করেছেন এ দেশের বেশ কয়েক জন নারী।

ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা :ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ৪২তম অবস্থানে। ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ জন ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনার অবস্থান নবম।

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা :সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ বাছাই করল ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। মেয়েদের ক্রিকেটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। এ বছর সব মিলিয়ে ২০টি উইকেট তুলে নিয়েছেন তিনি। বোলিং গড় ১৬ দশমিক ৩।

অভিভাবকত্ব পেলেন একক মায়েরা : আদালতের একটি রায়ের মাধ্যমে মায়েরা, বিশেষ করে একক মায়েরা (সিঙ্গেল মাদার) নিজ পরিচয়ে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর অধিকার পান। এ রায় ভুক্তভোগী মায়েদের জন্য কতটা স্বস্তিদায়ক হলো, তা শুধু তারাই অনুভব করতে পারবেন। ১৪ বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ :ধর্ষণের ক্ষেত্রে ডাক্তারি (মেডিকো-লিগ্যাল) পরীক্ষায় ‘দুই আঙুলের পরীক্ষা’ বা ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

কলাগাছের সুতায় শাড়ি :কলাগাছের তন্তু (সুতা) দিয়ে শাড়ি উদ্ভাবনের পেছনে রয়েছে দুজন নারীর চিন্তা ও কর্মতত্পরতা। এক জন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অন্যজন কমলগঞ্জের রাধাবতী দেবী। ১২ হাত লম্বা দৃষ্টিনন্দন শাড়ির নাম রাখা হয়েছে ‘কলাবতী’।

সারাহ ইসলাম ঐশ্বর্যর কথা মনে থকাবে : দেশের প্রথম মরণোত্তর কিডনি দানকারী বীর কন্যা। ১৮ জানুয়ারি মারা যান সারাহ ইসলাম ঐশ্বর্য। মাত্র ২০ বছর বয়সের ঐশ্বর্যকে নিয়ে মৃত্যুর পরও দেশে জুড়ে চলেছে আলোচনা। কারণ নিজের মৃত্যুর পর আলোকিত করে গেছেন চারটি জীবন। সারাহ দুটি কিডনি ও কর্নিয়া দান করে গেছেন।

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জান্নাতুল ফেরদৌস : বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন জান্নাতুল ফেরদৌস আইভি। ২৬ বছরের পোড়া ক্ষতের জীবনের সঙ্গে যুদ্ধ করে জান্নাতুল কাজ করছেন পোড়াদের নিয়ে।

সুকৃতির দেনমোহর গাছ :স্বামী থেকে দেনমোহর হিসেবে পাঁচটি চারাগাছ নিয়ে আলোচনায় এসেছেন সুকৃতি আদিত্য। সুকৃতি মনে করেন, প্রথা ভাঙার কিছু দৃষ্টান্ত তৈরি করা গেলে এই দেনমোহরের প্রথাও সহজ হয়ে আসবে।

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত :প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিউএইচও) দক্ষিণু-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী বছরের ১ ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ তার দায়িত্ব গ্রহণ করবেন।

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় সেঁজুতি সাহা : চলতি বছরের মাঝামাঝিতে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা। সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’-এর অষ্টম সংস্করণে সেঁজুতি সাহা ‘লাইফ সায়েন্সে’ অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকায় স্থান লাভ করেছিলেন।

এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন :ঢাকা উত্তর সিটি করপোরেশনে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন বুশরা আফরিন। তিনি এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার (সিএইচও)।

বাবা খুনের বিচার পেতে আইনজীবী কন্যার ১৬ বছর লড়াইয়ের গল্প :১৬ বছর আইনি লড়াই শেষে বাবার খুনের বিচার নিশ্চিত করেছেন আইনজীবী শেগুফতা তাবাসসুম আহমেদ। শেগুফতার বাবা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক। ২০০৬ সালে একই বিভাগের আরেক সহকর্মী মিয়া মেহাম্মদ মহিউদ্দিন থিসিস পেপার নকল করার অভিযোগে অধ্যাপক হতে না পারার আশঙ্কায় তার বাবাকে খুন করেন।

এশিয়ান সায়েন্টিস্টে সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় গাউসিয়া ওয়াহিদুন্নেসা :২০২৩ সালে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন আরেক বিজ্ঞানী গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা করেছেন।

শতাধিক বাল্যবিবাহ ঠেকিয়ে বিবিসি ১০০ প্রভাবশালী নারীর তালিকায় সানজিদা :শতাধিকের বেশি বাল্যবিবাহ ঠেকিয়ে বিবিসির ১০০ উদীয়মান ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নিয়েছিলেন গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী ও ‘ঘাসফড়িং’য়ের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম ছোঁয়া।

কম বয়সে রোকেয়া পদক পান এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার : এ বছর অপেক্ষাকৃত কম বয়সে রোকেয়া পদক পেয়ে আলোচিত হন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

ইত্তেফাক/এআই