সংবাদপত্রের ইতিহাস অনেক প্রাচীন ও বিভিন্ন সভ্যতার বিকাশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সংবাদপত্রকে বলা যায় সমাজের আয়না। পৃথিবীর সকল সংবাদপত্রই তাদের পাঠকের সন্তুষ্টির জন্য অত্যাধুনিক ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। এর শুরুটা কিন্তু এমন ছিল না, সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছে পাথরে লেখার মাধ্যমে।
প্রাচীন যুগে রোমান সাম্রাজ্যে (৫৯ খ্রিষ্টপূর্ব) "Acta Diurna" নামক একটি দৈনিক সরকারি ঘোষণাপত্র প্রকাশিত হতো। বেশিরভাগ গবেষক ও বিশেষজ্ঞদের মতে এটি মূলত প্রথম সংবাদপত্র বা সংবাদপত্রের পূর্বসূরি। এটি মূলত পাথরের উপর খোদাই করে লেখা হতো এবং জনসমক্ষে প্রদর্শন করা হতো।
মধ্যযুগে সংবাদ প্রচার হতো মূলত ঘোষক, বার্তাবাহক, কিংবা হাতে লেখা চিঠির মাধ্যমে। ১৪শ শতকে ইউরোপে হাতে লেখা সংবাদপত্র বা "Newsletters" এর প্রচলিত ছিল। বিশেষ করে রাজনৈতিক ঘোষণা, ব্যবসা ও দাপ্তরিক কাজের তথ্যের জন্য এগুলো প্রকাশ করা হতো।
জার্মানির জোহানেস গুটেনবার্গ ১৪৫০ সালের আশেপাশে মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পরে মুদ্রিত বা প্রিন্টেড সংবাদপত্র যাত্রা শুরু হয়। ১৬০৫ সালে জার্মানিতে প্রকাশিত হয় ‘Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien’, বিশেষজ্ঞ ও গবেষকদের মতে যা প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে বিবেচিত হয়।
বিশ্বজুড়ে সংবাদপত্রের বিকাশ ঘটতে ১৬ থেকে ১৭শ শতকে। ইংল্যান্ড ১৬৬৫ সালে প্রকাশিত হয় ‘Oxford Gazette’ পরে ১৭শ শতকে ‘The London Gazette’ নামে এটি প্রকাশিত হয়। আমেরিকা প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ১৬৯০ সালে ‘Publick Occurrences Both Forreign and Domestick’ নামে , তবে সংবাদপত্রটি একবারই প্রকাশিত হয়েছিল।
তৎকালীন ভারত উপমহাদেশে ১৭৮০ সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। জেমস হিকি কলকাতা থেকে ‘Hicky’s Bengal Gazette’ (বা Calcutta General Advertiser ) নামে সংবাদপত্র প্রকাশ করেন।
প্রথম বাংলা সংবাদপত্র "বেঙ্গল গেজেট" ১৮১৮ সালের দিকে রাজা রামমোহন রায়ের পৃষ্ঠপোষকতায় ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনা যাত্রা শুরু করে। ভবানীচরণ ব্যানার্জী, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রমুখের লেখায় এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধায়ের মতে, ১৪ই মে থেকে ৯ই জুলাইয়ের মধ্যে প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি মাত্র এক বছর প্রকাশ হয়েছিল। তবে পত্রিকাটির প্রিন্টেড অথবা হাতে লেখা কোন কপি বা অনুলিপি পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গের শ্রীরামপুর মিশনারি কেন্দ্র থেকে ১৮১৮ সালের ২৩ মে 'সমাচার দর্পণ' পত্রিকাটি প্রকাশিত হয়, এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। অনেক বিশেষজ্ঞ ও গবেষক এটিকে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। সংবাদপত্রটির সম্পাদনায় ছিলেন জন ক্লার্ক মার্শম্যান, কিন্তু তিনি এর নামমাত্র সম্পাদক ছিলেন। প্রকৃতপক্ষে এটি সম্পাদনার দায়িত্বে ছিলেন বাংলার খ্যাতনামা জ্ঞানী পণ্ডিতগণ। সমাচার দর্পণ চিরতরে বন্ধ হয়ে যায় ১৮৪১ সালের ২৫ ডিসেম্বর।
বর্তমান সময়ে পৃথিবীর সকল দেশ ও প্রায় সব ভাষার সংবাদপত্র রয়েছে। সর্বোপরি প্রথম পাথরে লেখা সংবাদপত্র থেকে আজ পর্যন্ত (All Bangla Newspaper) সহ সকল সংবাদপত্র গুলো তাদের উত্তরসূরী। আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে বর্তমানে সংবাদপত্র গুলো তথ্যের আদান প্রদান, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নসহ, ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

