গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) সভাপতি ফাতেমা-তুজ-জিনিয়াকে অপহরণ চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে বশেমুরবিপ্রবি ছাত্র ইউনিয়ন।
রবিবার (২৬ ডিসেম্বর) ছাত্র ইউনিয়নের বশেমুরবিপ্রবি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক পিউ মৃধা প্রেরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ডেইলি সানের বশেমুরবিপ্রবি প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির সভাপতি ফাতেমা-তুজ-জিনিয়াকে গত ২৪ ডিসেম্বর রাত ৮টার পরে দু'জন মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ ডিসি বাসভবনের সামনে থেকে অপহরণের চেষ্টা চালায়। পরে তিনি গোপালগঞ্জ সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বশেমুরবিপ্রবি সংসদ এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী অপচেষ্টার নিন্দা জানায় এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
এ ঘটনায় বশেমুরবিপ্রবি সংসদের সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পি ও সাধারণ সম্পাদক নাজমুল মিলন এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককে অপহরণের চেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের জন্য উদ্বেগজনক। এ ঘটনার মধ্যে দিয়ে ক্যাম্পাসে সৎ, নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ বিঘ্নিত হবে। বিশ্ববিদ্যালয়ের মুক্তজ্ঞান চর্চার পরিবেশ বাধাগ্রস্থ হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীরা কোন একটি নির্দিষ্টগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়বে। তাই এ ধরনের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা দিতে হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের অপচেষ্টা এবং মানবাধিকার পরিপন্থী কাজের বিরুদ্ধে সরব থাকতে হবে। শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও মতামতকে যারা দমন করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, থানায় জিডি