শিশুর মানসিক বিকাশ ঘটাতে যেসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি খেলাধুলা। আবার সেই শিশুদের পড়ালেখার হাতেখড়ি হওয়া শিক্ষাঙ্গন হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এক শিফট এবং দুই শিফটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস শুরু হচ্ছে সকাল ৯টায়। এক শিফটের বিদ্যালয়গুলো ছুটি হচ্ছে ৩টা ৪৫ মিনিটে এবং দুই শিফটের স্কুলগুলো ছুটি হচ্ছে বিকেল ৪টায়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। প্রতিদিন সকালে তারা রান্নাবান্না করে আদরের সন্তানকে খাইয়ে স্কুলে পাঠাতে পারে না। ফলে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ক্লাসের পাঠদানে অংশগ্রহণ করে। বিকেল ৪টায় ছুটি হওয়া শিক্ষার্থীরা বাড়িতে যেতে যেতেই সূর্যাস্ত হয়ে যায়, ফলে বিকেলে খেলাধুলা করতে পারে না। সকাল ৯টায় ক্লাস শুরু হওয়া এবং বিকেল ৪টায় ছুটি হওয়া একমাত্র শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যেখানে ক্লাস শুরু হয় সকাল ১০টায়। কলেজ-ইউনিভার্সিটিগুলোও ক্লাস শুরু করে সকাল ১০টায়। কোমলমতি শিশু শিক্ষার্থীদের ঘুম থেকে উঠেই বিদ্যালয়ে আসার এ-ই ক্লাস রুটিন অযৌক্তিক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ-ই ক্লাস রুটিন শিশুবান্ধব নয়।
এ অবস্থায়, প্রতিটি শিশুর মানসিক বিকাশ সাধনে খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় রেখে ক্লাস রুটিন প্রণয়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জামিল বাসার
ধনবাড়ী, টাঙ্গাইল

