অবৈধ ক্ষুদ্রাস্ত্র শঙ্কা বাড়াইতেছে!

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৯

সাম্প্রতিক বৎসরগুলিতে দেশে অবৈধ অস্ত্রের বিস্তার ঘটিয়াছে। ইহা নূতন ঘটনা নহে; কিন্তু সেই অস্ত্র যদি কলম, আংটি কিংবা দৈনন্দিন ব্যবহারের ‘নিরীহ' বস্তুর ছদ্মবেশ ধারণ করে, তবে তাহা কেবল আইনশৃঙ্খলার জন্য নহে, বরং সমগ্র সমাজের নিরাপত্তার জন্যই গভীর উদ্বেগের কারণ হইয়া উঠে। সম্প্রতি বাংলাদেশে পেনগান ও রিংগানের ন্যায় ক্ষুদ্র ও ট্রেস-অযোগ্য অস্ত্রের বিস্তার সেই উদ্বেগকে আরো প্রকট করিয়া তুলিয়াছে। যেই অস্ত্র একসময় বিশ্বের কতিপয় সীমিত গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল, আজ তাহা বাংলাদেশেও পাওয়া যাইতেছে জানিয়া গা শিহরিত হইয়া উঠিতেছে! কখনো কলম, কখনো আংটি, কখনো-বা অন্য কোনো সাধারণ বস্তুর আড়ালে লুকাইয়া থাকিতেছে এই প্রাণঘাতী অস্ত্র। আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং অনেক ক্ষেত্রে প্রচলিত তল্লাশি ব্যবস্থায় শনাক্ত করা কঠিন হওয়ায় এই অস্ত্রগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও পরিণত হইয়াছে এক জটিল ও কঠিন চ্যালেঞ্জে।

সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা বলিতেছেন, এই ধরনের অস্ত্র দেখিতে সাধারণ কলমের মতো হওয়ায় শনাক্ত করা কঠিন। এমনকি এই ধরনের অস্ত্রে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের চিহ্ন না থাকায় ইহার উৎস নির্ধারণ করাও দুরূহ। আরো উদ্বেগজনক বিষয় হইল, দেশে এই জাতীয় অবৈধ অস্ত্রের বাজার ক্রমশ সক্রিয় হইয়া উঠিয়াছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গিয়াছে, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অস্ত্রের অর্ডার এবং এমনকি সরবরাহ পর্যন্ত করা হইতেছে। অবৈধ ক্ষুদ্রাস্ত্রের এইরূপ বিস্তার নিছক আইনশৃঙ্খলার সমস্যা নহে; ইহা রাষ্ট্রের নিরাপত্তা ও সামাজিক স্থিতির প্রতি এক নীরব অথচ গভীর হুমকি।

বহির্বিশ্বের দিকে তাকাইলে আমরা দেখিতে পাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ‘ঘোস্ট গান’ নামে পরিচিত ট্রেস-অযোগ্য অস্ত্রের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইতেছে। এই অস্ত্রগুলির অনেকগুলির আবার থাকে না কোনো সিরিয়াল নম্বর, যাহার ফলে অপরাধ সংঘটনের পর উৎস শনাক্ত করাও হইয়া পড়ে কঠিন কিংবা অসম্ভব। মূলত এই কারণে বিভিন্ন মার্কিন অঙ্গরাজ্যে নূতন নূতন। আইন প্রণয়ন করা হইতেছে, যাহার মাধ্যমে অস্ত্রের যন্ত্রাংশেও সিরিয়াল নম্বর বাধ্যতামূলক করা, ক্রেতাদের পরিচয় যাচাই এবং অবৈধ অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা হইয়াছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উন্নত প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করিতেছে।
উদ্বেগের বড় কারণ হইল, অস্ত্র যত সহজলভ্য হয়, সহিংসতার প্রবণতাও তত বৃদ্ধি পায়। অবৈধ অস্ত্রের বিস্তার অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব বিস্তার করে। যেইখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত নহে, সেইখানে ব্যবসায়-বাণিজ্য ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। আইনশৃঙ্খলার অবনতির ফলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং নাগরিকদের মধ্যে বৃদ্ধি পায় নিরাপত্তাহীনতা। দীর্ঘ মেয়াদে এই পরিস্থিতি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে। ফলে এই সংকট মোকাবিলায় কেবল বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নহে; বরং প্রয়োজন সুসমন্বিত ও কঠোর কৌশল। অবৈধ অস্ত্রের উৎপাদন, সরবরাহ ও বিপণনের সহিত জড়িত চক্রসমূহকে শনাক্ত করিয়া আইনের আওতায় আনিতে হইবে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর তল্লাশি ব্যবস্থার সম্প্রসারণও অপরিহার্য। ইহার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা আরো শক্তিশালী করিতে হইবে, যেন অস্ত্র পাচারের নেটওয়ার্ক ভাঙিয়া দেওয়া সম্ভব হয়। অন্যথায়, আজিকার বিচ্ছিন্ন ঘটনা আগামী দিনের বৃহত্তর নিরাপত্তা সংকটে পরিণত হইতে পারে।

ইত্তেফাক/এনএন