বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের ঘোষণায় 'মুজিব' বানান ভুল!

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৩:১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানসহ দিবসটির ঘোষণায় ভুল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালকের কার্যালয়।

বুধবার (১৬ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ ভুল দেখা যায়। সেখানে শেখ মুজিবুর রহমানের নামের ‘মুজিবুর’ অংশটিকে ‘মুজিবর’ লেখা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের '১০২তম জন্মবার্ষিকীকে' বঙ্গবন্ধুর 'জন্মশতবার্ষিকী উপলক্ষে' লেখা হয়।

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর স্থলে জন্মশতবার্ষিকী

এর আগে ১৩ মার্চ একই কার্যালয় থেকে পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও লেখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্বশীল একটি দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জাতির পিতার নামের  ভুল কাম্য নয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী প্রতিবছর উদযাপন হয়েছে এবং হবে। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতার জন্মদিন পালন এ লেখাটিও সংশোধন করা উচিত।

এসএমএস-এ মুজিবুরের স্থলে লেখা হয়েছে মুজিবর। ছবি: ইত্তেফাক

এ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, 'এটা মূলত টাইপিং মিস্টেক। আমি লিখে দেই, কারেকশন করে দিই। তারপরেও অনিচ্ছাকৃতভাবে টাইপিং মিস্টেক করে ফেলে। কাউকে পছন্দ-অপছন্দের কোনো বিষয় নেই, হেয় করারও উদ্দেশ্য ছিল না এখানে। টাইপিং মিস্টেক হয়েছে।'

ইত্তেফাক/এসটিএম